খাগড়াছড়িতে ড্রেন থেকে নবজাতক উদ্ধার।


সিয়াম    |    ০১:০১ এএম, ২০২৫-১০-২১

খাগড়াছড়িতে ড্রেন থেকে নবজাতক উদ্ধার।

খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্থানীয়রা আজ বিকেলে ড্রেনের পাশে কচুরিপানার স্তূপের ভেতর থেকে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন।

স্থানীয় বাসিন্দাদের জানান, তারা ড্রেনের পাশ দিয়ে হাঁটার সময় কচুরিপানার নিচ থেকে কান্নার শব্দ শুনে কাছে যান। পরে সেখানে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক ছেলে শিশুকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং চিকিৎসকরা জানিয়েছেন— শিশুটির অবস্থা স্থিতিশীল।

মানবতার দৃষ্টান্ত স্থাপন করে খাগড়াছড়ি সদর জোনের মাননীয় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি নবজাতকের চিকিৎসা ও যত্নের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির সার্বিক চিকিৎসায় সহযোগিতা করার নির্দেশ দেন এবং নিজ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়দের ধারণা, কোনো অজ্ঞাত মা শিশুটিকে ড্রেনের পাশে ফেলে পালিয়ে গেছে। বিষয়টি খাগড়াছড়ি সদর থানা পুলিশ তদন্ত করছে।

এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকেই সেনা কর্মকর্তার মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।